একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হওয়ার দাবিতে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালসহ সারাদেশে সব সরকারি হাসপাতালে আধবেলা কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় এই কর্মসূচি। চলবে বেলা ১২টা পর্যন্ত।
এরআগে, গত ৩০ নভেম্বর দুই ঘণ্টা কর্মবিরতি করেছিলেন তারা।
দিনের শুরুতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জড়ো হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে।
সেখানে আন্দোলনের নেতারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশসনে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বারবার এটি উপস্থাপিত হলেও নিয়মতান্ত্রিক আন্দোলন, দাপ্তরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করার পরেও দাবি বাস্তবায়ন হচ্ছে না।
তাদের অভিযোগ, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা একাদশ থেকে দশম গ্রেডে উন্নীত হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে তা হচ্ছে না।
এই দফায় দাবি মেনে নেওয়া না হলে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন পালনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
তব, হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলে জানান তারা।
জরুরি বিভাগ আওতার বাইরে থাকলেও অন্য বিভাগগুলোয় রোগীদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে।


