লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চার ছেলেমেয়ের বাবা, স্থানীয় নাগমুদ বাজারের কনফেকশনারী ব্যবসায়ী ছিলেন। ইউছুফ নামে এক যুবক এ হত্যাকান্ডের সাথে জড়িত বলে অভিযোগ করে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো এদিন সকালে আনোয়ার দোকান খুলেছিলেন। এরপরেই ইউছুফ এসে তার সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। এ সময় ইউছুফ তাকে দোকানের ভেতরের দিকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করে। পরে হত্যাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তার সঠিক কারণ কেউ বলতে পারেনি।
অভিযুক্ত ইউছুফও সাহারপাড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, তিনি প্রবাসী ছিলেন। প্রায় দেড় বছর আগে বিদেশ থেকে বাড়িতে এসে তিনি আর বিদেশ যাননি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, ব্যক্তিগত কারণে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। পলাতক ইউছুফকে আটকের চেষ্টা চলছে।


