নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
সোমবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল শেখ উপজেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মো. সিরাজুল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চুন্নু শেখ পক্ষের সঙ্গে একই এলাকার নূর শিকদার পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে সোমবার সন্ধ্যায় যোগানিয়া বাজারের আমতলা মোড়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এ সময় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ইমদাদুল শেখ মারা যান। এ ছাড়া আহত হন অন্তত চারজন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, সুরতহাল শেষে নিহতের মরদেহ ময়নাতন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


