প্রবাসজীবনের কারণে দীর্ঘদিন গানের জগত থেকে কিছুটা দূরে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। নতুন গান প্রকাশেও ছিল বিরতি। তবে সময়ের এই দূরত্বেও তার প্রতি শ্রোতাদের আগ্রহ ও প্রত্যাশা একটুও কমেনি।
সেই প্রত্যাশার জায়গা থেকেই বিরতি ভেঙে নতুন উদ্যমে কাজে ফিরেছেন এই শিল্পী ও সংগীতায়োজক। বছরজুড়ে পর্যায়ক্রমে একাধিক নতুন গান প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
কিছুদিন আগে ‘চার দেয়ালে বন্দি’ শিরোনামের একটি একক গানের ঘোষণা দেওয়ার পর এবার আরও একটি নতুন গানের খবর দিলেন টুটুল। তার নতুন গানের শিরোনাম ‘নির্ঘুম রাত’। গানটির কথা লিখেছেন শহীদুল হক সোহেল, আর সুর ও সংগীতায়োজন করেছেন টুটুল নিজেই।
শিল্পী জানিয়েছেন, খুব শিগগিরই গানটি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। ‘নির্ঘুম রাত’ নিয়ে তিনি বলেন, এই গানে শ্রোতারা তার চিরচেনা সঙ্গীতধারার ছাপ খুঁজে পাবেন। পাশাপাশি গীতিকবিতার নিজস্বতা বজায় রেখে সুর ও সংগীতায়োজনে সমসাময়িক ধারার প্রতিফলন রাখার চেষ্টা করা হয়েছে।


