নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষিত এই দলে কোনো পরিবর্তন আনেনি নির্বাচক প্যানেল। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, সর্বশেষ পাকিস্তান সিরিজের দলই থাকছে এই সিরিজে।
দল অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের ব্যাখায় প্রধান নির্বাচক জানান, আগের সিরিজের ধারাবাহিকতা রক্ষা করতেই দলে কোনো বদল আনেননি তারা। সুমন বলেন, ‘আমরা যখন দলটা দেখেছি, তখন মনে হয়েছে আমাদের শেষ সিরিজটা বেশ সফল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পায়নি একাদশে। কিছু প্লেয়ার নতুন এসেছে। আমাদের পলিসি হচ্ছে যখন কেউ আসবে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে তারা খারাপ খেলেনি। আমরা কন্টিনিউটিতে বিশ্বাস করতে চাই, যার জন্য আমরা এই সিরিজে টিম চেঞ্জ করি নাই।’
পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাথে স্পিন আক্রমণে মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। এর সাথে লিটন কুমার দাস, সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়রা আছেন টপ ও মিডল অর্ডারে। আগের সিরিজে কোনো ম্যাচ না খেললেও নিউজিল্যান্ড সিরিজের দলে জায়গা ধরে রেখেছেন উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।


