জুলাই আন্দোলনে ঢাকার আদাবর থানার গার্মেন্টস কর্মী মো. রুবেল (১৮) হত্যা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার পুলিশের আবেদন মঞ্জুর করে ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম তাকে কারাগারে রাখার আবেদন করেন।
আবেদন বলা হয়, আসামি মোজাম্মেল গত ৫ আগস্ট আদাবর থানা এলাকায় সরকার বিরোধী আন্দোলন দমনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ওই দিন সহিংসতায় গামেন্টস কর্মী রুবেলের মৃতুর ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে তথ্য-উপাত্ত পাওয়া গেছে। তাকে রোববার ঢাকার নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আটটি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার জরুরি।
মোজাম্মেল হকের পক্ষে তাদের আইনজীবী লিটন মিয়া জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মূলনথি পাওয়ার পর জামিনের শুনানি হবে বলেও জানানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে গত বছরের ৫ আগস্ট সকাল ১১টার দিকে রুবেলসহ কয়েকশ মানুষ আদাবর থানাধীন রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।


