বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারেক রহমান দেশকে সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা করেছেন।’
শুক্রবার ঢাকার নয়াপল্টনে মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান শুধু প্রধানমন্ত্রী নন, তিনি মেহনতি মানুষের প্রতীক। তিনি দেশকে সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা করেছেন এবং ধ্বংসপ্রায় ব্যাংকিং খাত ও অর্থনীতিকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘গতকাল সংসদে সত্যিকারের একজন রাষ্ট্র নায়কের মতো বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান। তিনি সেই নেতা ও নেত্রীর সন্তান যারা সব সময় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করেছেন।’
বক্তব্যের শুরুতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের আস্থা অর্জন করে ধারাবাহিক সাফল্য অর্জন করেছেন। ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে তিনি রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের কাজ করছেন।’
তিনি বলেন, শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং চা-শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিগত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন এবং হকারদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। এর পাশাপাশি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণেরও দাবি জানান তিনি।


