দুধে ভেজাল, ফেলে দেওয়া হলো ৩ মণ দুধ

দুধে ভেজাল, ফেলে দেওয়া হলো ৩ মণ দুধ
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা বাজারে দুধে পানি মেশানোর অভিযোগে প্রায় তিন মণ গাভীর দুধ জনসম্মুখে ফেলে ধ্বংস করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে বাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও জামশা বাজারে গাভীর দুধের হাট বসে। দীর্ঘদিন ধরে বাজারে বিক্রি হওয়া দুধে পানি মেশানোর অভিযোগ করে আসছিলেন ক্রেতারা। পরে বিষয়টি আমলে নেন জামশা বাজার কমিটির সভাপতি কুদ্দুস মোল্লা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কুদ্দুস মোল্লা, সফিক ও ফারুক দুধের বাজারে উপস্থিত হয়ে বিক্রেতাদের সব দুধের পাত্র এক স্থানে রাখতে বলেন এবং তাদের কিছুটা দূরে সরে দাঁড়াতে নির্দেশ দেন। পরে দুধ পরীক্ষা করে ১০ জন বিক্রেতার দুধে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত পানি মেশানো রয়েছে বলে দাবি করা হয়।

আরও পড়ুন

বিষয়টি প্রকাশ পাওয়ার পর অভিযুক্ত বিক্রেতারা ঘটনাস্থল থেকে চলে যান। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা পাশের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা।

পরে বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পানি মেশানো এসব দুধ জনসম্মুখে ফেলে দেওয়া হয়।

জামশা বাজার কমিটির সভাপতি কুদ্দুস মোল্লা বলেন, “দীর্ঘদিন ধরে ক্রেতারা ভেজাল দুধের অভিযোগ জানিয়ে আসছিলেন। আজ পরীক্ষা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad