কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত এক রোহিঙ্গা যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার দুপুরে ১৬ এপিবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার টাইমস অব বাংলাদেশকে তথ্যটি জানিয়েছেন।
রোববার রাতে ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৪ ব্লকের আবদুল আমিনের চায়ের দোকানের সামনে থেকে সৈয়দ আমিন (৩৪) নামে ওই রোহিঙ্গাকে ১০ থেকে ১২ জনের একটি অজ্ঞাত সশস্ত্র দল জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন।
অপহৃত যুবক সৈয়দ আমিন ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বি-১৩ ব্লকের বাসিন্দা ইন্না আমিনের ছেলে।
কাউছার সিকদার জানান, অপহরণের খবর পেয়ে ১৬ এপিবিএন পুলিশের একটি দল অভিযান ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের খবর পেয়ে অপহরণকারীরা সৈয়দ আমিনকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি বলেন, ‘অপহৃত ভুক্তভোগীকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে।’


