চুয়াডাঙ্গায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. শাহজাহান আলী (৪০) নামে এক কলেজ প্রভাষক নিহত হয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার হাটকালুগঞ্জ মেইন রোডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি হোগলডাঙ্গা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শাহজাহান আলী মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল ও ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। হাটকালুগঞ্জ বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


