ইলিশ প্রজনন মৌসুমে চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরগুনা উপকূলের নদ-নদীতে মাছ ধরছেন জেলেরা। তারা ইঞ্জিনচালিত ট্রলারে করে ইলিশ শিকার করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে বিষখালী নদীর বেতাগী উপজেলার কালিকাবাড়ী ও বামনা উপজেলার সফিপুর এলাকায় জেলেদের মাছ ধরতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ছোট ছোট ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে জেলেরা নদীতে জাল ফেলছেন। প্রতিটি ট্রলারে চার-পাঁচজন জেলে মিলে একসঙ্গে এ কার্যক্রম চালাচ্ছেন। কেউ কেউ আবার আগেই ফেলে রাখা জাল ট্রলারে তুলে নিচ্ছেন। এ সময় নদীর ধারে মাছ ধরতে থাকা জেলেরা সংবাদকর্মীদের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত ট্রলার নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিষয়টি জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের জানানো হলে তারা দ্রুত অভিযান পরিচালনা করেন।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসীন হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়েছি। এ সময় কিছু মাছ ধরার জাল উদ্ধার করা হয়েছে।’
‘মা ইলিশ রক্ষায় প্রতিদিনই নদী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞার শেষদিন পর্যন্ত স্থানীয় প্রশাসন, কোস্ট গার্ড, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করবেন’ বলেও জানান তিনি।
মা ইলিশ রক্ষা ও প্রজনন নিশ্চিত করতে ৩ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।


