জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন আশরাফুল (৩২)।
রোববার সকাল ৮টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আশরাফুল পেশায় একজন সিএনজি চালক ছিলেন।
দুপুর আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দেশে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, থাইল্যান্ডে টানা ১৪ মাস বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন আশরাফুল। চিকিৎসা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
রোববার সকালে চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।


