কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করা সাত শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী।
উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকায় রোববার সকাল ৭ টা থেকে ক্যাম্প ১১ ও ১২ সংলগ্ন কাঁটাতারের বেড়ার বাইরে এ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়মন সিকদার।
যৌথ বাহিনী জানিয়েছে, আটক রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্পে নিবন্ধিত হলেও দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।

এ বিষয়ে ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটকরা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করছিল।’
তিনি আরও জানান, আটক রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে। অভিযান এখনও চলমান রয়েছে।
এর আগে, চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী, যাদের পরবর্তীতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


