জামালপুরের ইসলামপুরে অটোরিকশা চালক জুয়েল শেখ হত্যার চাঞ্চল্যকর মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে জুয়েলের অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের অটোরিকশা চালক জুয়েল শেখ গত ৬ এপ্রিল ভোরে অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ হন। পরদিন সকালে ইসলামপুর উপজেলার পশ্চিম শংকরপুর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
চাঞ্চল্যকর এ ঘটনায় ইসলামপুর থানায় হত্যা মামলা করা হয়।
জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মামলার পর মেলান্দহের কাজীরপাড়ার বাদশা শেখের ছেলে সুজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুরের ঝিনাইগাতী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যায় জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- শেরপুরের ঝিনাইগাতীর বন্ধভাটপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. সাইদুল ইসলাম, গরুচরণ দুধনই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আসমত আলী এবং পূর্ব বাকাকুড়া গ্রামের হায়দর আলীর ছেলে মো. খুরুম।
এসময় আসামিদের তথ্যানুযায়ী হত্যার সময় লুট হওয়া নিহত জুয়েলের অটোরিকশাটি ঝিনাইগাতীর বাকাকুড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।


