নোয়াখালী জেলা সদরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিল করার খবর পাওয়া গেছে।
শুক্রবার জুমার নামাজের পর নোয়াখালী পৌর এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিষিদ্ধ এই সংগঠনের একদল নেতাকর্মী আকস্মিকভাবে পৌর এলাকার সামনে জড়ো হন। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় ব্যানারে দেখা যায়, মেহেদী হাসানের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের হাতে ব্যানার ও পোস্টার দেখা গেছে। স্লোগানের মাধ্যমে তারা সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তি চান, একই সঙ্গে শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, নিষিদ্ধ সংগঠনের এই কর্মসূচি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মোতায়েন বা কাউকে আটকের কোনো খবর পাওয়া যায়নি।


