নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে আগুনে একটি হার্ডওয়্যার ও তিনটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শুক্রবার ভোর ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাহুড়িয়া বাজারের বকুল শেখের সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে পাশের ফারুক বিশ্বাসের একতা ফার্নিচার দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে বাজারের মসজিদের মাইক থেকে আগুন লাগার বিষয়টি প্রচার করা হয়।
তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে লোহাগড়া উপজেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের মালিক মো. বকুল শেখ জানান, তার একটি ফার্নিচার ও একটি হার্ডওয়ারের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্য ব্যবসায়ী একতা ফার্নিচার মালিক মো. ফারুক বিশ্বাস জানান, তার ফার্নিচারের দুইটি দোকান পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান বলেন, ‘আগুনে একটি হার্ডওয়ারের দোকান পুরোপুরি এবং দুটি ফার্নিচারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যার ফলে আশেপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে।’


