গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রইস খান নামে এক পাকিস্তানি নাগরিক মুক্তি পেয়েছেন। তিনি ২৬ বছর বন্দী ছিলেন। রইস খান পাকিস্তানের করাচি জেলার গুলজার হিজরি থানার দিন মোহাম্মদের ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা থানার করা মামলায় কারাভোগ করছিলেন।
বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। পরে লাল রঙের গাড়িতে করে মূল ফটক দিয়ে বের হয়ে যান তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন এ তথ্য জানিয়েছেন।
কারাগার সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর থেকে রইস খান কারাভোগ করছিলেন। পরে ২০০৫ সালের ৭ জুলাই তার সাজা হয়। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর তার সাজার মেয়াদ উত্তীর্ণ হয়। দীর্ঘদিন ধরে মুক্তিপ্রাপ্ত বন্দী হিসেবে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আটক ছিলেন।
মো. আল মামুন জানান, দীর্ঘদিন ধরে মুক্তিপ্রাপ্ত বন্দী হিসেবে তিনি কারাগার-২ এ ছিলেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশেষ শাখার প্রতিনিধির উপস্থিতিতে দূতাবাসের প্রতিনিধিদের কাছে তাকে হস্তান্তর করা হয়।


