ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে আবার বাড়ানো হলো বুথের সংখ্যা।
বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি ভোটকেন্দ্রে তৃতীয় বারের মতো বুথের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৮১০টি। শুরুতে মোট বুথের সংখ্যা ছিল ৫০০টি। পরে তা বাড়িয়ে ৭১০টি করা হয়েছিল।
নির্ধারিত সময়ের মধ্যে ভোট শেষ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এবারের ডাকসু নির্বাচনের সকল ভোটার যদি ভোটকেন্দ্রে উপস্থিত থেকে জনপ্রতি গড়ে ১০ মিনিট নিলেও বিকাল ৪টার মধ্যে ভোট শেষ করা সম্ভব।
ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীনের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের দিনে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাস চলাচল করবে।
রবিবার দুপুর ১২টায় বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভোটার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৪তম ডাকসু নির্বাচন।
এবারের ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বাম জোট সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’সহ পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় ১০টি প্যানেল অংশ নিচ্ছে।
মোট ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। শুধু সদস্যপদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বাধিক ২১৭ জন প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে মোট এক হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


