দেশের রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে ব্যর্থ হয়, তবে দেশের জন্য শনির দশা অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতোমধ্যে বহু রাজনৈতিক দল তাদের গণসংযোগ শুরু করেছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আগ্রহী, কিন্তু এক রাজনৈতিক দল সরকারের সমালোচনা না করে তা দুর্বল করতে চাইছে। নির্বাচনের পরিবেশ দেখে সকল দলকে কথা বলা উচিত। নইলে আমি নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি।’
মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী শহরের বড় চৌরাস্তার প্রধান সড়কে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। এরপর তিনি তার নির্বাচনী এলাকা দশমিনা-গলাচিপার উদ্দেশে রওনা হন।
নুর আরও বলেন, ‘আমার ওপর সংগঠিত হামলাটি ছিল একটি টেস্ট কেস। একটি রাজনৈতিক গোষ্ঠী ক্ষমতা দখল করতে আমার ওপর হামলা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। তারা দেখতে চেয়েছিল বর্তমান রাজনৈতিক দলগুলো এক আছে কি না। যখন তারা দেখেছে আমরা এক আছি, তখন সেই দলটি পিছু হটে।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেছেন, সরকারের কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। এমনকি জামায়াতও একই অভিযোগ তুলেছে। এটি আমি আগেই বলেছি, কিন্তু সরকার তা আমলে নেয়নি। এর ফলে সরকার এখন বিপদগ্রস্ত হয়েছে এবং নিরপেক্ষতা হারিয়েছে।’
পথসভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম, রবিউল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম, সদস্যসচিব মো. শাহ আলম সিকদার প্রমুখ বক্তব্য দেন।


