তথ্য কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের চায় তথ্য অধিকার ফোরাম

তথ্য কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের চায় তথ্য অধিকার ফোরাম
Advertisement
Advertisement

তথ্য কমিশন গঠনে দলীয় রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবের উর্ধ্বে দক্ষতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা ও সৎসাহসের ওপর সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।

প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণ নিয়োগ প্রক্রিয়ায় সম্ভাব্য প্রার্থীদের দায়িত্ব পালনে সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি তাদের দক্ষতা, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও দুইজন তথ্য কমিশনার নিয়োগের সুপারিশ করার লক্ষ্যে সম্প্রতি পুনর্গঠিত ৫ সদস্যের বাছাই কমিটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এবং এ কমিটির সকল সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন দক্ষ, নিরপেক্ষ ও গণমুখী তথ্য কমিশনের ওপর নির্ভর করবে।

আরও পড়ুন

তথ্য অধিকার ফোরাম প্রত্যাশা করছে, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণ নিয়োগের ক্ষেত্রে তথ্য অধিকার আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালনে সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি দক্ষতা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার সঙ্গে সব ধরনের প্রভাবমুক্ত থেকে কার্যকর ভূমিকা পালনে সক্ষম এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে।৫৬৫৬

তথ্য অধিকার আইনকে নাগরিকের বাক ও চিন্তার স্বাধীনতা প্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনায় নাগরিকের অংশীদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, দুর্নীতি হ্রাস এবং অন্যান্য মৌলিক অধিকারকে সুরক্ষা প্রদানের অন্যতম শক্তিশালী হাতিয়ার হিসেবে উল্লেখ করে ফোরাম। তারা জানায়, আইনের কার্যকর প্রয়োগ মূলত নির্ভর করবে একটি দক্ষ ও নিরপেক্ষ কমিশনের ওপর।

তথ্য অধিকার ফোরামের মতে, অতীতে দলীয় রাজনৈতিক বিবেচনা ও আমলাতান্ত্রিক প্রভাবে কমিশন নিয়োগের কারণে আইনটি কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হয়েছে। তবে বর্তমান বাছাই কমিটি সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এর অবসান ঘটাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে।

তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনামের পক্ষে কোর গ্রুপের সদস্য সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্ট-এর নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস্)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এইচএম বজলুর রহমান, নাগরিক উদ্যোগ-এর প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যাল-এর চেয়ারপারসন অনন্য রায়হান, ব্লাস্ট-এর অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব)-এর উপ-পরিচালক রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোবাকো ট্যাক্স প্রজেক্ট-এর প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল যৌথভাবে এ আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad