বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজারে যৌথ অভিযান চালিয়ে ‘শাহীন ডাকাত’ ও তার ঘনিষ্ঠ দুই সহযোগীকে অস্ত্র-শস্ত্রসহ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানোর সময় কথিত ডাকাত দল এলোপাতাড়ি গুলি করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সেনা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে একটি দেশীয় প্রযুক্তির আগ্নেয়াস্ত্র, তিনটি একনলা বন্দুক, ১০টি গোলাবারুদ, ২০ হাজার পিস ইয়াবা ও একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় ২০টির বেশি হত্যা, ডাকাতি ও অপহরণসহ একাধিক নাশকতার মামলা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ-উল-আযহা উপলক্ষে ‘শাহীন ডাকাতের’ নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি এলাকায় ব্যাপকভাবে গরু চোরাচালান বৃদ্ধি পায়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে।
এতে আরো বলা হয়, এর আগে বিভিন্ন অপরাধে অভিযুক্ত শাহীন ২০২৩ সালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও তিনি জামিনে মুক্ত হন। তার বিরুদ্ধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া এবং তৎসংলগ্ন সীমান্ত এলাকায় হত্যা, ডাকাতি, রাহাজানি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও ‘ত্রাসের রাজত্ব কায়েম’ করার অভিযোগ রয়েছে।


