হিংসা ও প্রতিশোধের মনোভাব থেকে সবাইকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সকালে বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি একথা বলেন।
‘আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না’ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসার পরিণতি আমরা ৫ আগস্ট দেখেছি। সেজন্য সবাইকে বলব, মতপার্থক্য থাকবেই। আলোচনার মাধ্যমে সেসব মতপার্থক্য সমাধান করতে হবে। খেয়াল রাখতে হবে মতপার্থক্য যেন মতবিভেদের দিকে না চলে যায়।’
নতুন প্রজন্মের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, নতুন প্রজন্ম গাইডেন্স চাইছে, আশা দেখতে চাইছে। রাজনীতিবিদনের কাছে সবার অনেক প্রত্যাশা। সবটা পূরণ করা সম্ভব নয়। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মাথায় রেখে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া যাবে।’
দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে আনার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আমরা নারীদের অন্তর্ভূক্ত করতে চাই।
নিজের বলা ‘আই হ্যাভ এ প্ল্যানের’ কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘আমার সেই প্ল্যানের (পরিকল্পনা) একটি বড় অংশ নারীদের নিয়ে।’
সবার উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের জবাবদিহিতা চালু রাখতে হবে। তাতে হয়ত অনেক বেগ আসবে। তবে গণতন্ত্র নিয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে।’
দুপুর ০১:২০
৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়: শফিক রেহমান
দেশের ৭০ শতাংশ মানুষ আসন্ন সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিতে আগ্রহী বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে দেশের শীর্ষ রাজনৈতিক দলের প্রতি জনসমর্থনের বিষয়ে পরিচালিত সাম্প্রতিক এক জরিপের বরাতে এ দাবি করেন তিনি।
শফিক রেহমান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই জনসমর্থন প্রতিফলিত হওয়া উচিত এবং একটি প্রতিনিধিত্বশীল সরকার গঠন করা উচিত।’
গণমাধ্যমকর্মীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় নিতে তারেক রহমানকে আহ্বান জানান তিনি।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে শফিক রেহমান বলেন, ‘দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক শাসন নিশ্চিত করতে পুলিশ বাহিনী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জনগণের বন্ধু হিসেবে পরিচিত এই বাহিনী নানা দিক থেকে চাপের মুখে থাকে। একদিকে সরকারী নির্দেশনা মানতে হয়, অন্যদিকে রাজপথের আন্দোলন ও বিক্ষোভ সামলাতে হয়।’
আইনশৃঙ্খলা রক্ষায় প্রচলিত পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘সাধারণ জনগণের বিক্ষোভ দমনে গুলি, লাঠিচার্জ, জলকামান কিংবা পিপার স্প্রের মতো শক্তি প্রয়োগ করা উচিত কি না- এ বিষয়ে প্রশাসনকে আরও ভাবতে হবে।’
এই জ্যেষ্ঠ সাংবাদিক মনে করেন, নতুন করে নৈতিক মানদণ্ড ও মূল্যবোধের প্রশিক্ষণ দেওয়া হলে একটি পেশাদার ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব।
শফিক রেহমান বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি টাকা লুটের ঘটনার প্রসঙ্গেও কথা বলেন। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার ও ব্যাংক কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ব্যাপক অর্থপাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে কঠোর নজরদারি ও বিশেষ তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দেন শফিক রেহমান।
দুপুর ০১:১৭
গণতন্ত্র, স্বাধীন মিডিয়া এবং সুশাসন চাই: মাহফুজ আনাম
দ্য ডেইলি স্টারের সম্পাদক এবং প্রকাশক মাহফুজ আনাম বলেন, ‘আমরা গণতন্ত্র, স্বাধীন মিডিয়া এবং সুশাসন চাই।’
তিনি পানির বিষয়ে বলেন, এখন যেভাবে চলছে সেভাবে চললে সামনে ঢাকাবাসীর পানি মিলবে না।
দুপুর ০১:০৫
গণমাধ্যমের স্বাধীনতা দাবি নূরুল কবিরের
নিউ এজের সম্পাদক নুরুল কবির গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বিশ্বব্যাপী যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নেই, সেখানে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়।’
আগের সরকারের সময়ে সাংবাদিকরা যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, তা তুলে ধরে নুরুল কবির বলেন, অনেক গণমাধ্যমকর্মীকে বিভিন্ন মামলায় অভিযুক্ত করা হয় এবং তাদের ওপর হামলা করা হয়, ফলে তারা আইনগতভাবে নিজেদের সুরক্ষিত করার সুযোগ থেকে বঞ্চিত হন।
সাংবাদিকদের প্রতি অতীতের অন্যায়গুলোর পুনরাবৃত্তি প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার যদি ইতিবাচক প্রভাব তৈরি করার সক্ষমতা থাকে, তাহলে আপনাদের উচিত এই পরিস্থিতি সমাধানে পদক্ষেপ নেওয়া।’
লাইভ শুরু দুপুর ১২:৫২
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
‘কঠিন সময়ে’ দেশ তারেক রহমানের দিকে বুক ভরা প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আজকে একটা বেশ কঠিন সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে।’
বক্তব্যের শুরুতে সদ্য প্রয়াত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিএনপি মহাসচিব একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন।

সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবং লন্ডন থেকে দেশে ফেরার পর প্রথমবার তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
শনিবার সকাল ১১টায় ঢাকার বনানীর হোটেল শেরাটনে এ অনুষ্ঠান শুরু হয়। সেখানে বিভিন্ন গণমাধ্যমে সম্পাদক, সাংবাদিকরা উপস্থিত আছেন। আছেন বিএনপির বেশ কয়েকজন নেতাও।
এর আগে শুক্রবার রাতে বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তারেক রহমান। ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান তিনি। এরপর দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটান।
গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।


