শারজাহ এবং আবুধাবি রুটে ফের ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
আগামী ১৩ মার্চ থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে এই ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশীরা ভিসা সংক্রান্ত জটিলতার কারনে অনিশ্চিত সময় পার করছেন। দেশে বসবাসরত পরিবারের সদস্যরাও রয়েছেন উৎকণ্ঠায়।
এসব অনিশ্চিয়তা থেকে পরিত্রাণের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহের শুক্র, রবি, মঙ্গল ও বুধবার ঢাকা থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে সপ্তাহের শনি, সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
এছাড়া প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবির পথেও সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে।
ঢাকা থেকে শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহর উদ্দেশ্যে ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।
ইউএস-বাংলা ঢাকা থেকে শনি ও বৃহস্পতিবার সরাসরি ৫টা ৫০ মিনিটে এবং সোমবার ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করবে। চট্টগ্রাম থেকে সোমবার ৫টা ৫০ মিনিটে আবুধাবি এর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।
শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে দুবাই রুটে ফ্লাইট চলাচল করছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য জেদ্দা, রিয়াদ, মাস্কাটেও ফ্লাইট ছেড়ে যাচ্ছে। শিগগিরই ঢাকা থেকে দোহা রুটে ফের ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।


