জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহ্ আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদিনের বাংলাদেশের রাজিব রায়হান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাহিদ আক্তার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বেলা ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সদস্যদের অংশগ্রহণে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সহসভাপতি পদে দৈনিক ইত্তেফাকের রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার মুশফিকুর রিজন, কোষাধ্যক্ষ পদে এশিয়া পোস্টের সৈকত ইসলাম এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে নয়া দিগন্তের আতাউর রহমান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাগো নিউজের রাকিব হোসেন প্রান্ত, ডেইলি সানের ফারুক হোসাইন এবং দৈনিক শিক্ষার মেহেদি হাসান।
ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম নবনির্বাচিতদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো জাতির সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাইফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক শাহাদাত হোসেন।


