বরবারের মত এবারও নন্দিত নির্মাতা হানিফ সংকেত ইত্যাদিতে একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করেছেন। আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন দুই ভুবনের দুজন, জনপ্রিয় অভিনয় তারকা। চলচ্চিত্র তারকা তমা মির্জা ও টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
উল্লেখ্য ইত্যাদির ঈদ অনুষ্ঠানের নাচটি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে করা হয়েছে। সময়ের জনপ্রিয় তারকারা এতে অংশগ্রহণ করে থাকেন।
ফাগুন অডিও ভিশন জানায়, সবসময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত ইত্যাদির নাচগুলিকে তার চাইতে একটু ব্যতিক্রমী করতে চেষ্টা করা হয়। তৈরি করা হয় নতুন মিউজিক। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন নাচটির ব্যাপারে খুবই আন্তরিক। এ ধরণের নূতন নূতন বিষয়ে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত। অনুষ্ঠানে নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। যে কারনে সবকিছু মিলিয়ে এবারে ঈদের ইত্যাদির এই নাচটি হবে অসাধারন।
হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্লাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশানের সংমিশ্রণ। মিউজিকে যেমন নুতনত্ব রয়েছে তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।


