মনোনয়নপত্র জমার শেষ দিন, টিপসই দিলেন খালেদা জিয়া

মনোনয়নপত্র জমার শেষ দিন, টিপসই দিলেন খালেদা জিয়া
খালেদা জিয়া। ছবি: তারেক রহমানের ফেসবুক পেজ
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। এই প্রথমবারের মতো মনোনয়নপত্রে স্বাক্ষরের বদলে টিপসই দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।

বিএনপি চেয়ারপারসন আসন্ন নির্বাচনে তিনটি আসন থেকে নির্বাচন করবেন। এগুলো হচ্ছে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১। এরমধ্যে দিনাজপুর-৩ আসনে রোববার বিকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসের দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এই আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র তুলে রেখেছেন।

খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এবং ফেনী-৩ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু সোমবার মনোনয়পত্র জমা দেবেন।

বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র তুলে রেখেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। এ ছাড়া ফেনী-১ আসনে রফিকুল ইসলাম মজনু ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান নান্টু মনোনয়নপত্র তুলে রেখেছেন।

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনে জেলা বিএনপির সভাপতি এবং রাজধানীতে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রধান নির্বাচন সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম মনোনয়নপত্র জমা দেবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এরই মধ্যে তিনি ঠাকুরগাঁও চলে গেছেন। বিএনপির মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় সিনিয়র নেতাদের বেশিরভাগই নিজের এলাকায় গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন।

দেশের অনেক আসনেই বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছাড়াও একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যেও অনেকে এদিন মনোনয়নপত্র জমা দেবেন। এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়ন পাওয়া শরিক দলের নেতাদের আসনেও বিএনপির কোনো কোনো নেতা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। কয়েকটি আসনে বিএনপি এখনো চূড়ান্তভাবে প্রার্থীর নাম ঘোষণা না করায় সেসব আসনেও একাধিক প্রার্থীকে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেই এসব আসনে বিএনপি ও শরিক দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। এদিকে, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচন করবেন ঢাকা-১৫ আসনে। তিনি বর্তমানে রাজধানীতেই অবস্থান করছেন। তার নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

চট্টগ্রামের লালদিঘি ময়দানে আন্দোলনরত আট দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান । ছবি: টাইমস

জামায়াতের নেতৃত্বে গঠন হওয়া ১০ দলীয় জোটের শরিক দলগুলো আগেই বিভিন্ন আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এসব আসনে সব প্রার্থী আপাতত তাদের মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগে জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ আসনে নির্বাচন করছেন। জি এম কাদের সশরীরে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য রংপুর গেছেন।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টির আরেক অংশও এবার কয়েকটি দলকে নিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) নামে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। এনডিএফের পক্ষ থেকে দেড় শতাধিক আসনে মনোনয়ন দেওয়া প্রার্থীদের অনেকে রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যরা সোমবার মনোনয়নপত্র জমা দেবেন।

মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad