২০২৬ সালের গ্লোবাল টেরোরিজম ইনডেক্স বা বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান ৪২তম। ২ দশমিক ২৮৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এই অবস্থানে রয়েছে।
শুক্রবার ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিসের (আইইপি) এই সূচক প্রকাশ করেছে।
এই সূচকে অন্তর্ভুক্ত দেশগুলোকে তাদের প্রাপ্ত স্কোরের ভিত্তিতে র্যাঙ্কিং বা অবস্থান দেওয়া হয়েছে। সূচকের মানগুলো একটি দেশে সন্ত্রাসবাদের প্রভাবের মাত্রা প্রতিফলিত করে।
সূচকের মান ০ থেকে ১০-এর মধ্যে হয়ে থাকে। তালিকার একদম নিচের দিকের স্কোরগুলো নির্দেশ করে যে, ওই দেশে সন্ত্রাসবাদের কোনো প্রভাব নেই। স্কোর যত ১০-এর কাছাকাছি পৌঁছায়, ওই দেশের জনজীবনে সন্ত্রাসবাদের প্রভাব তত বৃদ্ধি পায়। ফলে, তালিকার শীর্ষে থাকা দেশগুলোর তুলনায় নিচের দিকের দেশগুলোতে সন্ত্রাসবাদজনিত সমস্যা কম থাকে।

গত পাঁচ বছরের চারটি নির্দেশকের ওপর ভিত্তি করে একটি গাণিতিক গড় থেকে এই সূচকের মান নির্ধারণ করা হয়। এই নির্দেশকগুলোর মধ্যে রয়েছে জিম্মি দশা, নিহতের সংখ্যা, আহতের সংখ্যা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা।
প্রতি বছর দেশগুলোর মান পুনরায় গণনা করে একটি নতুন বিশ্ব সন্ত্রাসবাদ সূচক প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদ এখনো একটি উল্লেখযোগ্য বৈশ্বিক হুমকি হিসেবে রয়ে গেছে। ২০২৫ সালে ২ হাজার ৯৪৪টি সন্ত্রাসী হামলায় ৫ হাজার ৫৮২ জন নিহত হয়েছে।
তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান, দেশটির স্কোর ৮ দশমিক ৫৭৪। দ্বিতীয় অবস্থানে আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। দেশটির স্কোর ৮ দশমিক ৩২৪।
তিন নম্বরে রয়েছে নাইজার, স্কোর ৭ দশমিক ৮১৬, চতুর্থ অবস্থানে নাইজেরিয়া যার স্কোর ৭ দশমিক ৯৭৯২ এবং পঞ্চম স্থানে রয়েছে মালি, স্কোর ৭ দশমিক ৫৮৬।


