ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করার পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী নামাজ শেষে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে মন্ত্রী উপজেলা মাঠ পরিদর্শন করে দ্রুত তা সংস্কারের নির্দেশ দেন।
সম্প্রতি ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের উদ্যোগে আয়োজিত ‘গ্লোবাল সামিট অন ফ্রড’-এর প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনকে সরকারের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা দরকার।
পরে তিনি পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিনদিনের সফরে শুক্রবার রাতে কক্সবাজার আসেন। কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউস হয়ে পেকুয়ায় নিজের গ্রামের বাড়িতে যান।


