পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও কোপাকুপির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পৌর ছাত্রদলের বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাফিস নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর গ্রামের শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি এবং শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব।
পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। গুরুতর আহত জিহাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি। বিষয়টি শুনেছি। এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


