প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান সাবেক প্রধান উপদেষ্টা। কিছুদিন আগেই যিনি এই ভবনের বাসিন্দা ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোনোর স্ত্রী শামিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন তার সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ড. ইউনূস ছাড়াও রাজনীতিবিদ, কূটনীতিক ও সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও এসময় শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম তো বটেই, দীর্ঘ ১৭ বছর পর এটিই তারেক রহমানের দেশে ঈদ উদযাপন।
তাকে শুভেচ্ছা জানাতে ভোর থেকেই যমুনা প্রাঙ্গণে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সকাল ৯টা থেকে জনসাধারণের জন্য যমুনার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জনস্রোত ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত বিস্তৃত হয়। পুরো এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি লক্ষ করা গেছে।


