জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘জিরো রিটার্ন’ সংক্রান্ত তথ্য গুজব। এতে আকৃষ্ট হয়ে কিছু করদাতা আয়কর রিটার্ন নিয়ে ‘মিথ্যা তথ্য’ দিচ্ছেন, যা অপরাধ।
প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এ ‘জিরো রিটার্ন’ নামে কিছু নেই। করদাতা কোনো তথ্য না দিয়ে রিটার্ন জমা দিতে পারবেন না। এটি ‘ফৌজদারি অপরাধ’।
আইন অনুযায়ী করদাতাকে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। তথ্য গোপন করলে আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে সর্বোচ্চ ‘পাঁচ বছর কারাদণ্ড’ হতে পারে।
এনবিআর বলছে, করযোগ্য আয় না থাকলে কর দিতে হবে না। তবে মিথ্যা তথ্য দিয়ে রিটার্ন জমা দেওয়া বেআইনি।
করদাতাদের সতর্ক করে এনবিআর জানিয়েছে, ভুয়া ‘জিরো রিটার্ন’-এর ফাঁদে পা না দিয়ে সঠিক তথ্য জমা দিতে হবে। এতে আইনি ঝামেলা এড়ানো যাবে এবং দেশের উন্নয়নেও অবদান রাখা সম্ভব।
করদাতাদের প্রকৃত তথ্য তুলে ধরার মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর।


