জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার, দুর্নীতি, লুটপাট থাকবে না। জামায়াত গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক দেশ গড়তে চায়।’
সোমবার বিকালে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার আরও বলেন, ‘শুধু সাতক্ষীরা নয়, সারা দেশের মানুষ এখন দাঁড়ি পাল্লায় ভোট দিতে আগ্রহী। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে।’
তালা-কলারোয়ার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো উসকানির ফাঁদে পা দেবেন না। একটি পক্ষ আমাদের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে।’
জামায়াতের এই নেতা আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামা ও ইসলামপন্থীদের নিষ্ঠুরভাবে হত্য করা হয়েছে। আল্লাহর দিনের সৈনিকদের তিলে তিলে কারাগারে ঢুকিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ইসলামের পথে থাকার কারণে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে রিমান্ডে, ক্রসফায়ারে ও আয়নাঘরে নিয়ে লাখো মানুষকে গুম করা হয়েছে।’
দলটির তালা উপজেলার আমির মফিদুল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, জেলা আমির শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ মাহমুদুল হক, সেক্রেটারি আজিজুর রহমান, জেলার সহকারী সেক্রেটারি সুজায়েত আলী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।


