হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করে জবাবদিহির মাধ্যমে স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে সরকারি কাজ সম্পন্ন করার অঙ্গীকার করেছেন রংপুরের সরকারি কর্মকর্তারা। অন্যদিকে নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো ধরনের খবরদারি না করে আইন অনুযায়ী কর্মকর্তাদের কাজ করতে উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার দুপুরে রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে জেলার ছয়টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভায় উভয় পক্ষ এ অঙ্গীকার করেন।
সভায় উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, রংপুর-২ আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন, রংপুর-৫ আসনের এমপি গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনের এমপি নুরুল আমীন।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসকরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান প্রকল্পের অগ্রগতি, রাস্তাঘাট সংস্কার, বন্যা প্রতিরোধ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নাগরিক সেবা সহজীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় রংপুরের ছয়টি সংসদীয় আসনে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সেবার মানোন্নয়ন এবং কৃষিখাতে সহায়তা জোরদারে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়।


