রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে ভাঙচুর ও এক নারী শিক্ষিকাকে পেটানোর অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ভাঙচুর ও এক শিক্ষকের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় আকবর আলীর সংশ্লিষ্টতা রয়েছে।
এতে আরও বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও নিয়মবিরোধী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা থাকার অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দাওকান্দি সরকারি কলেজে এ ঘটনা ঘটে। তখন সেখানে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্রের ভেতর ও আশপাশে ১৪৪ ধারা জারি ছিল এবং পুলিশ মোতায়েন ছিল।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করেন এবং অতীতের কথিত দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে তর্কে জড়ান।
পরিস্থিতি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে মারধর করা হয় এবং কলেজের অফিসে ভাঙচুর চালানো হয়।


