নারায়ণগঞ্জে মাত্র ১১২ টাকায় আবেদন করে সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন ১৪ জন তরুণ-তরুণী। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞা।
নিয়োগপ্রাপ্তরা হলেন—হাবিব উল্লাহ, মো. জাকারিয়া, জান্নাতুল বুশরা মালেক, ইয়াছিন আরাফাত, মাহবুব হাসান, হাবিবুর রহমান সরকার, তাইজুল ইসলাম, শিপলু, জামাল হোসেন, জুবায়দা মারুফা, আজিজুল হক বাপ্পী, আতিকুর রহমান, আব্দুল বাছেদ ও মো. শাহ পরান।
নিয়োগপ্রাপ্তরা জানান, সরকারি চাকরিতে আবেদন থেকে নিয়োগ পর্যন্ত এত দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া তাদের কাছে ছিল একেবারেই অপ্রত্যাশিত। মাত্র ১১২ টাকায় আবেদন করে চাকরি পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘গত ২৪ অক্টোবর ৭টি পদে লিখিত পরীক্ষায় অংশ নেন ১ হাজার ২৩৩ জন প্রার্থী। সেদিনই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর মৌখিক পরীক্ষা শেষে গত রোববার নিয়োগের প্রতিবেদন পাওয়ার পর আজ নিয়োগপত্র প্রদান করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। কারও প্রতি পক্ষপাত বা সুপারিশ নয়, যোগ্যতার ভিত্তিতেই চাকরি দেওয়া হয়েছে। প্রশাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।’
ডিসি আশা প্রকাশ করেন, নিয়োগপ্রাপ্তরা সততা ও নিষ্ঠার সঙ্গে জনসেবায় নিজেদের সম্পূর্ণভাবে নিয়োজিত করবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, সিনিয়র সহকারী কমিশনার মোনাব্বর হোসেন, সহকারী কমিশনার সায়মা রাইয়ান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা শিরিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


