কুমিল্লা-৬ আসনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
হাজী ইয়াছিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য। কুমিল্লা সিটি কর্পোরেশন, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মনিরুল হক চৌধুরী। তিনিও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য।
নগরীর ধর্মসাগরের পাড়ে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজী ইয়াছিন জানান, দলের চেয়ারম্যানের কথায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দলের চেয়ারম্যান তাকে আগামী নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি নির্বাচনী এলাকায় বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন বলেও জানান হাজী ইয়াছিন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি কুমিল্লা-৮ আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন।
এছাড়াও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি উবাদুল বারী আবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এসময় উপস্থিত ছিলেন।


