বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাতে থাকা বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ৭টার দিকে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮) ও তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং সিএনজি চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী ও মেয়ে রুপা মনি দাস।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল। ভোরে ঢাকা থেকে বগুড়া এসে তিনি সিএনজিচালিত অটোরিকশায় নারচী গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক শুকুর আলী নিহত হন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান বিপুল চন্দ্র দাস ও তার ছেলে বিপ্লব চন্দ্র দাস। বর্তমানে আহত মমতা রানী ও রুপা মনি দাস হাসপাতালে ভর্তি রয়েছেন।


