ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে চরম হুমকিতে পড়েছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী ও জনবহুল সেনেরচর গ্রাম। গত কয়েক বছর ধরে অব্যাহত ভাঙনে বহু ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বর্তমানে বর্ষা মৌসুম শুরু হওয়ায় নদের পানির তীব্র স্রোতে ভাঙন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে।
স্থানীয় অধিবাসীরা জানান, প্রায় ৫০০ বছরের পুরোনো এই ঐতিহাসিক গ্রামটি রক্ষায় যদি দ্রুত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তবে এটি মানচিত্র থেকে সম্পূর্ণ হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রতি মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। ভাঙন আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন গ্রামের হাজার হাজার মানুষ।
ভাঙন প্রতিরোধে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে সম্প্রতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন জানিয়েছে ভুক্তভোগী গ্রামবাসী।
আবেদনে অধিবাসীরা উল্লেখ করেন, সেনেরচরকে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা করতে অবিলম্বে সেনেরচর নামাপাড়া মসজিদ থেকে সেনেরচর মো: আজিম উদ্দিনের বাড়ি পর্যন্ত এলাকায় স্থায়ী সিসি ব্লক বা জিওব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে কার্যকরী টেকসই বাঁধ নির্মাণ করা প্রয়োজন।
এ বিষয়ে সেনেরচর গ্রামের স্থায়ী বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত আশু হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন, যাতে ভিটেমাটি হারিয়ে হাজারো পরিবারকে গৃহহীন হতে না হয়।


