নিপীড়ক নয়, বরং পুলিশ জনগণের নিজের হয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসনাত মো. শওকত আলী। তিনি বলেন, “পুলিশ কোনোভাবেই জনগণের ওপর নিপীড়ন চালাতে চায় না, বরং তারা সত্যিকারের ‘জনগণের পুলিশ’ হয়ে উঠতে চায়। আইন মেনে চলা কেবল কড়াকড়ির বিষয় নয়, এটি আমাদের মেধা ও মননের অংশ হওয়া উচিত।”
শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা যখন আমাদের কাছে কোনো অপরাধের তথ্য বা ভিডিও পাঠান, আমি ব্যক্তিগতভাবে সেগুলো পর্যবেক্ষণ করি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেই। আমরা চাই পুলিশ এবং সাংবাদিকরা একই লক্ষ্য নিয়ে কাজ করুক। আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিন এবং সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।’
তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ‘কমিউনিটি এঙ্গেজমেন্ট’ বা জনসম্পৃক্ততা একটি অপরিহার্য উপাদান। পুলিশের প্রতি মানুষের ধারণা বদলাতে হবে এবং পুলিশকে জনগণের বন্ধু হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে।’
সাংবাদিকদের সমাজের ‘দর্পণ’ ও ‘পুলিশের চোখ’ হিসেবে অভিহিত করে কমিশনার বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বা প্রতিবেদনকে নেতিবাচকভাবে দেখার কোনো সুযোগ নেই। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য এবং আমাদের কর্মতৎপরতা মিলে আমরা এই চট্টগ্রাম মহানগরকে একটি স্বস্তিদায়ক, নিরাপদ এবং বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।’

সভায় ট্রাফিক শৃঙ্খলা ও আইন মানার বিষয়ে কমিশনার একটি আন্তর্জাতিক অভিজ্ঞতার উদাহরণ দিয়ে বলেন, ‘আইন মেনে চলা মানুষের মেধা ও মননের বিষয় হওয়া উচিত। কেবল এনফোর্সমেন্ট বা কড়াকড়ি দিয়ে আইন মানানো সম্ভব নয়, বরং সাধারণ মানুষের সচেতনতাই মুখ্য।’
নতুন বাংলাদেশ গঠনে সিএমপি সক্রিয় ভূমিকা পালন করবে উল্লেখ করে শওকত আলী জানান, ‘চট্টগ্রাম মহানগরকে নাগরিকদের জন্য একটি স্বস্তিদায়ক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই তাদের মুখ্য উদ্দেশ্য। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা এবং সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসহ সকল সাংবাদিকদের সহযোগিতায় পুলিশ সফল হবে।’
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সেক্রেটারি গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডেইলি টাইমস অব বাংলাদেশের বিভাগীয় সম্পাদক সালেহ নোমান, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন।


