বিএনপি ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমাদের নিয়ে অনেকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। আমরা ৯৫ শতাংশ মুসলমান৷ কোরআন-সুন্নাহভিত্তিক আইন বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। এর বাইরে কোনো আইন প্রণয়ন হবে না।’
রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘দেশ একটি ক্রান্তিকাল পার করছে। দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের সাবধান থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবেনা। নির্বাচন বানচালের চেষ্টা চলছে৷ সেটা যাতে না করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’
আগামী নির্বাচনই তার শেষ নির্বাচন উল্লেখ করে তা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন বিএনপি মহাসচিব।
এসময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান তিনি।
মতবিনিময়ে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


