মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় অবিলম্বে কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে এক মাসের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনারও দাবি জানিয়েছেন তিনি।
সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ। এসময় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সবাইকে অভিনন্দনও জানান তিনি।
এই রায়কে মাইলফলক হিসেবে উল্লেখ করে নাহিদ বলেন, ‘আজ আমরা সকল বিষয়ে ন্যায়বিচার পেয়েছি। মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে এনসিপি স্বাগত জানায়। তবে, রায় পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা সন্তুষ্ট হব না। রায় কার্যকর হলেই আহত ও শহীদদের পরিবারগুলো শান্তি পাবে।’
রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এই রায় বিশ্বজুড়ে একটি ঐতিহাসিক নজির হিসেবে প্রতিষ্ঠিত হবে।’
আওয়ামী লীগকেও দল হিসেবে বিচারের মুখোমুখি হতে হবে উল্লেখ করে নাহিদ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে জবাবদিহির আওতায় আসতে দেখব।’
নির্বাচন পরবর্তী সময়সহ ভবিষ্যতের বিচারিক প্রক্রিয়াগুলো যাতে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার জন্য ঐক্যের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।


