মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছে জুলাই ঐক্য।
একই সঙ্গে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় পুনর্বিবেচনার (রিভিউ) দাবি জানানো হয়েছে। সোমবার বিকালে হাসিনার রায় ঘোষণার পর আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি তুলে ধরেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, খুনি হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে। কিন্তু আমরা লজ্জিত যে আমার ভাইদের ওপর ৩২ নম্বরে হামলা করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের রক্তাক্ত করা হচ্ছে।
তিনি প্রশাসনের ওপর ক্ষোভ জানিয়ে অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের দাবি জানান। জুবায়ের বলেন, লীগের সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাস করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, অথচ ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে যৌথ বাহিনী হামলা চালিয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘সরকারকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, অবিলম্বে ছাত্র-জনতার ওপর হামলা বন্ধ করুন।’
সাবেক আইজিপি মামুনের রায় নিয়ে জুবায়ের বলেন, সরকার হাসিনার ফাঁসি দিলেও পরিকল্পিতভাবে মামুনকে মাত্র পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, ‘মামুনকে কেন রাজস্বাক্ষী করা হলো? এখানে একজন কনস্টেবলকেও রাজস্বাক্ষী করা যেত, যারা মামুনের নির্দেশনায় ছাত্রজনতার ওপর গুলি চালিয়েছে। তিনি রায় পুনর্বিবেচনার দাবি জানান।’
জুলাই ঐক্যের সংগঠক ও সাংবাদিক নেতা ইসরাফিল ফরাজী অভিযোগ করেন, হাসিনার রায়কে কেন্দ্র করে কিছু গণমাধ্যম আবারও ‘আসল রূপে’ ফিরে আসছে।
তিনি বলেন, ইত্তেফাক দীর্ঘ সময় ‘ফ্যাসিবাদের’ সঙ্গে ছিল এবং তার অপকর্মকে বৈধতা দিয়েছিল। এখন সেই ইত্তেফাক খুনি হাসিনার বক্তব্য প্রচার করছে, যদিও সরকার তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। তিনি আরটিভি, বাংলাদেশ জার্নালসহ আরও কয়েকটি গণমাধ্যমের কথাও উল্লেখ করেন এবং এসব গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি আরও বলেন, সরকার ব্যর্থ হলে ছাত্র-জনতা ‘যথাযথ ব্যবস্থা’ নেবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক কবি বোরহান মাহমুদ, মুজাহিদুল ইসলাম অন্তু মোজাহিদ, মাসুদুর রহমান, মুস্তফা হোসাইন, সাদীল প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে শাহবাগে হাসিনার প্রতীকী ফাঁসি ও মিষ্টি বিতরণ করে জুলাই ঐক্য ও জাগ্রত জুলাই।


