স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার অবশ্যই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চায়। ফাঁসির রায় ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোথাও কোনো ‘আতঙ্ক নেই’। পাশের একটি দেশ থেকে নানা ধরনের উসকানি দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা অবশ্যই শেখ হাসিনার প্রত্যর্পণ চাই। আমরা ইতোমধ্যেই (ভারতে) একটি চিঠি পাঠিয়েছি। প্রয়োজনে, আমরা আবারও তাকে প্রত্যর্পণের জন্য একটি চিঠি পাঠাব।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সহকর্মী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে।
গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে দমন-পীড়নের নির্দেশ দেওয়ার জন্য মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।


