হঠাৎ বজ্রপাতের মতো হাম শুরু হওয়ায় প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

হঠাৎ বজ্রপাতের মতো হাম শুরু হওয়ায় প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

হঠাৎ বজ্রপাতের মতো হামের সংক্রমণ শুরু হওয়ায় সরকার পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে জাতীয় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

দেশজুড়ে হামের সংক্রমণ প্রতিরোধে টিকা সংগ্রহ ও সরবরাহের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ইউনিসেফ থেকে টিকা সংগ্রহের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে এবং বিদ্যমান ঘাটতি দ্রুত পূরণ করা হচ্ছে।’

সাম্প্রতিক সময়ে হামের প্রকোপে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসে পড়েছে। আমাদের কোনো প্রস্তুতি ছিল না।’

আরও পড়ুন

‘রোববার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে একটা ন্যাশনাল ইমারজেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন আমরা করতে যাচ্ছি। ইতিহাসে এত স্বল্প সময়ের মধ্যে এ রকম ক্যাম্পেইন চালু হয়নি’, যোগ করেন মন্ত্রী।

মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম দ্রুত শুরু করতে দুই দিনের মধ্যে সব উপজেলায় টিকা ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, ‘রোববার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ শুরু করব ইনশাল্লাহ। এই জন্য কালকে এবং পরশুদিন আমরা প্রত্যেকটা উপজেলায় ম্যাটেরিয়াল সাপ্লাই দেব।’

অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের দ্রুত নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারের এই তড়িৎ পদক্ষেপে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও আশা করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad