কুমিল্লায় হোটেলের জরাজীর্ণ দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লায় হোটেলের জরাজীর্ণ দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু
নিহতের মরদেহ উদ্ধারের কাজ করছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি খাবার হোটেলের জরাজীর্ণ দেয়াল ধসে আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাগুর বাজারের খাবার হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। তিনি ওই হোটেলের মালিক মিজানুর রহমানের শ্বশুর বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে বাগুর বাজারে জামাতা মিজানুর রহমানের খাবার হোটেলে যান আব্দুস সামাদ। সকাল সাড়ে ৮টার দিকে তিনি হোটেলের ক্যাশ টেবিলে বসে ছিলেন। এ সময় হঠাৎ হোটেলের একটি পুরোনো ও জরাজীর্ণ দেয়াল হুড়মুড় করে তার ওপর ধসে পড়ে। ইট ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে এগিয়ে আসেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন

তবে এর আগেই স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে তার নিজ গ্রাম দেবিদ্বার উপজেলার শাকতলার স্বজনদের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ফায়ার সার্ভিস ও পুলিশের প্রাথমিক তদন্তে হোটেলটির কাঠামোগত দুর্বলতা ও জরাজীর্ণ অবস্থা দুর্ঘটনার মূল কারণ হিসেবে উঠে এসেছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। জরাজীর্ণ দেয়াল ধসে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad