প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাচ্ছেন কার্ড সুবিধা

প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাচ্ছেন কার্ড সুবিধা
ছবি: পিএমও
Advertisement
Advertisement

পরীক্ষামূলকভাবে দেশের ২২ হাজার কৃষকের মধ্যে কার্ড বিতরণ শুরু করছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরসহ মোট ১১টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। টাঙ্গাইল সদর ছাড়াও এই কার্যক্রম শুরু হবে পঞ্চগড়ের কমলাপুর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।

প্রথম ধাপে এসব উপজেলার ২১ হাজার ৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের এই কার্ড দেওয়া হবে এবং এটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে।

আরও পড়ুন

ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি উপকরণ ক্রয়ের জন্য প্রণোদনা হিসেবে বছরে আড়াই হাজার টাকা দেওয়া হবে এবং এই কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য কেনা যাবে।

বৈঠক সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের একটি নির্ভরযোগ্য পরিচিতি নিশ্চিত হবে এবং কৃষি ভর্তুকি, ঋণ সুবিধা, বীজ ও সার বিতরণসহ বিভিন্ন সরকারি সহায়তা আরও স্বচ্ছ ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে।

বৈঠকে ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রী আমিন উর রশীদ ইয়াসিন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad