ভারত-পাকিস্তান ম্যাচ হবে আর মাঠের বাইরে কথার লড়াই জমবে না, তা কী করে হয়? এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের ভাগ্য ঝুলে গেলেও মাঠে গড়াচ্ছে রবিবার। এর আগে ভারতের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন পাকিস্তানের মোহাম্মদ আমির। শুক্রবার এক টেলিভিশন শো’তে বলেছেন, অভিষেককে তার কেবলই একজন স্লগার মনে হয়, ব্যাটার নয়।
ইনিংসের প্রথম বল থেকেই বড় শট খেলতে পছন্দ করেন অভিষেক। উইকেটে টিকে গেলে বোলারদের জন্য হাজির হন মুর্তিমান আতঙ্ক হয়ে। তার সামনে কীভাবে বল করবেন, কোথায় বল করলে মার কম খেতে হবে; সেই জায়গা খুঁজে মরেন। তবে আমি কথা বলেছেন অভিষেকের ট্যাকটিক্যাল দিক নিয়ে।
পাকিস্তানের সেই টক শো’তে আমির বলেন, ‘অভিষেক কেবলই একজন স্লগার, আমি ওকে এভাবেই দেখি। ও এমন একজন ক্রিকেটার, যে বলের লাইন-লেংথ বিচার করে সেটা ডিফেন্ড করতে পারে না। তাকে কি আমি আদর্শ ব্যাটার বলতে পারি?’
অভিষেকের ব্যাটিং ব্যবচ্ছেদ করে সাবেক এই পাকিস্তানি পেসার আরো বলেন, ‘ব্যাটিংয়ে এসে জোরে ব্যাট ঘোরায়, সেটা মাঝ ব্যাটে লাগলে বাউন্ডারি হয়। আপাতত এটা দিয়ে সে উৎরে যাচ্ছে। কিন্তু যেদিন থেকে সে কঠিন লেংথের বল ঠিকঠাক ডিফেন্ড করতে পারবে, সেদিন তাকে আদর্শ ব্যাটার হিসেবে মানব।’
বাঁহাতি অভিষেকের জন্য আসল পরীক্ষা এখনো বাকি আছে বলে মনে করেন আমির। তার ধারণা দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বাউন্সি কন্ডিশনেই সফল হলেই আদর্শ ব্যাটার হয়ে উঠবেন অভিষেক, ‘এখানে ছোট মাঠে, ফ্ল্যাট উইকেটে খেলছে, যে কারণে এখনো তেমন কোনো কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি। তাকে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ইংল্যান্ডে খেলান, সেখানে সফল হলে আমিই সবার আগে তাকে বাহবা দিব।’
পেটের সংক্রমণে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে খেলা হয়নি অভিষেকের। এখন পর্যন্ত খেলেছেন কেবল এক ম্যাচে। যদিও তিনদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। ফিটনেস ও স্ট্যামিনা টেস্টে পাশ করলে পাবেন পাকিস্তানের বিপক্ষে নামার ছাড়পত্রও।


