প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, এখন থেকে ভেনেজুয়েলা শাসন করবে তার দেশ।
তিনি বলেন, ‘ভেনেজুয়েলাকে শাসন করবে যুক্তরাষ্ট্র, যতক্ষণ না সেখানে একটি নিরাপদ এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়। আমরা চাই না যে কেউ অন্যভাবে ক্ষমতায় আসুক, এবং সেই একই পরিস্থিতি যেন আবারও না হয়, যা গত কয়েক বছর ধরে চলছিল।’
স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। খবর আল জাজিরার।
ট্রাম্পের এই ঘোষণা আসে তার প্রশাসনের ভেনেজুয়েলায় সামরিক আক্রমণের পর, যার মধ্যে ছিল রাজধানী ক্যারাকাসে হামলা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মাদুরোকে নিউইয়র্ক নিয়ে গেছেন। যেখানে তাকে ফেডারেল কোর্টে তোলার প্রস্তুতি চলছে।
সিএনএন, ফক্স নিউজ এবং এমএস নাউ-এর প্রচারিত ফুটেজে দেখা গেছে, মাদুরোকে স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
ট্রাম্প বলেন, ‘খুব বড় বড় যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রবেশ করবে এবং তেলের অবকাঠামো মেরামত করবে। এতে দেশটির অর্থনীতি পুনরুদ্ধার হবে এবং জনগণ ধনী ও নিরাপদ হবে।’
মাদুরো মাদক চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত করেছে ওয়াশিংটন। তবে মাদুরো এই দাবি প্রত্যাখ্যান করে আসছিলেন। তার দাবি ছিল, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করতে এবং ভেনেজুয়েলার বিশাল তেল রিজার্ভ নিয়ন্ত্রণ করতে চাইছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, মাদুরোকে স্থানীয় সময় সোমবার ম্যানহাটন ফেডারেল কোর্টে প্রথম শুনানিতে হাজির করা হতে পারে।


