উগান্ডার মহাসড়কে একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ৬৩ জন প্রাণ হারিয়েছেন। বুধবার দেশটির পুলিশ ফোর্স জানায়, মঙ্গলবার রাতে কামপালা-গুলু মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়, বিপরীত দিক থেকে আসা দুটি বাস দুটি অন্য দুটি গাড়িকে ওভারটেক করতে গেলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দ্রুত গতিতে চলতে থাকা আরেকটি বাস দুর্ঘটনা কবলিত বাস দুটিকে পাশ কাটিয়ে চলার চেষ্টা করলে অন্য দুটি যানের সঙ্গে সংঘর্ষ হয়।
একটি লড়ি ওই বাসকে পাশ থেকে এবং একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পেছনে থাকা যানগুলোর মধ্যে ‘চেইন রিঅ্যাকশন’ সৃষ্টি হয়ে অন্য গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এই দুর্ঘটনায় বিভিন্ন যানবাহনের শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। তাদের পশ্চিমাঞ্চলীয় শহর কিরিয়ানডোঙ্গোর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারীরা।
উগান্ডার দক্ষিণে অবস্থিত রাজধানী কামপালা এবং উত্তরের শহর গুলুকে সংযোগকারী এই মহাসড়কটি দেশটির অন্যতম ব্যস্ত রাস্তা। দুর্ঘটনার পর এই মহাসড়ক ব্যবহার করা চালকদের ‘বিপজ্জনক ও অসতর্ক ওভারটেকিং’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।


