এ বছর পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। তারা হলেন–জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট এবং জন মার্টিনিস।
এই বিজ্ঞানীরা ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিকেল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। এ কাজের স্বীকৃতির জন্য তাদের এ সম্মান দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার বিকালে সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।
নোবেলজয়ী এই তিন বিজ্ঞানী পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। যেহেতু একাধিক বিজ্ঞানী নোবেল পেয়েছেন, তাই এই অর্থমূল্য ভাগ করে দেওয়া হবে। বর্তমান বাজার মূল্যে এর মান প্রায় ১২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকার সমান।
প্রতিবছর পদার্থবিজ্ঞানে এবং রসায়নে নোবেল পুরস্কারের ঘোষণা দেয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স, আর চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।


